মাটির ঋণ ও একমুঠো জীবনের গল্প

প্রকৃতি কোনো জড় বস্তু নয়, প্রকৃতি এক জীবন্ত সত্তা। আমরা যখন লাউয়াছড়ার গহীন অরণ্যে পা রাখি, সাতছড়ির ঝিঁঝিঁ পোকার ডাক শুনি কিংবা জাফলংয়ের স্বচ্ছ জলরাশিতে অবগাহন করি, তখন আমরা কেবল একজন পর্যটক হিসেবে যাই না; বরং আমরা প্রকৃতির এক পরম আশ্রয়ে প্রবেশ করি। প্রকৃতি পরম মমতায় তার মেহমানকে বরন করে নেয়। কিন্তু প্রশ্ন হলো—প্রকৃতি আমাদের যা দিচ্ছে, তার বিনিময়ে আমরা তাকে কী দিচ্ছি?

বিগত কয়েক দশকে আমাদের পর্যটন কেন্দ্রগুলোর চিত্র ভয়াবহভাবে বদলে গেছে। যে বন একসময় নিবিড় ছায়ায় ঢাকা ছিল, আজ সেখানে মানুষের কোলাহল আর প্লাস্টিকের আবর্জনা। আমাদের বাবা-চাচারা যে সবুজ পৃথিবী দেখে বড় হয়েছেন, আমরা তার অর্ধেকও আমাদের সন্তানদের জন্য রেখে যেতে পারছি না। বন্যপ্রাণীরা তাদের খাবারের উৎস হারিয়ে লোকালয়ে চলে আসছে এবং নির্মমভাবে মারা পড়ছে। এই যে ভারসাম্যহীনতা, এর দায়ভার আমাদেরই। অথচ আমরা প্রতিনিয়ত সচেতন কিংবা অবচেতনভাবে একজনের দায় আরেকজনের কাঁধে দিয়ে নিজে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলছি। কিন্তু আমরা চাইলেই আমাদের বিবেকের দায় এড়াতে পারিনা।

বাংলাদেশের বহু প্রাকৃতিক স্থান, যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, জাফলং, বান্দরবান এবং রাঙ্গামাটি—যেগুলো একসময় ছিল জীববৈচিত্র্যে ভরপুর, আজ সেখানে নানা ধরনের চাপ ও অবহেলার চিহ্ন স্পষ্ট। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে সমৃদ্ধ প্রকৃতি দেখেছে, আমরা তার অনেকটাই হারিয়েছি; আর যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেই প্রকৃতিকে শুধু বইয়ের পাতায়ই খুঁজে পাবে।

এই বাস্তবতা থেকেই “প্রকৃতির দাবী” আন্দোলনের জন্ম। এটি শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগ নয়, বরং এটি একটি নৈতিক আহ্বান—প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধের পুনর্জাগরণ। এই আন্দোলনের মূল দর্শন খুবই সহজ: আমরা প্রকৃতির কাছ থেকে যা নিচ্ছি, তার সামান্য অংশ হলেও যেন ফিরিয়ে দেই।

একটি ছোট কাজ—এক মুঠো বীজ। একটি সাধারণ অভ্যাস—ভ্রমণের সময় প্রকৃতির জন্য কিছু রেখে যাওয়া। এই ক্ষুদ্র উদ্যোগই ধীরে ধীরে একটি বৃহৎ পরিবর্তনের সূচনা করতে পারে। যখন হাজারো মানুষ একসাথে এই কাজটি করবে, তখন তা শুধু গাছ জন্মাবে না, জন্ম দেবে একটি নতুন চেতনা—দায়িত্বশীল ভ্রমণ ও প্রকৃতি সংরক্ষণের চেতনা।

প্রকৃতির দাবী” কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি একটি নীরব বিপ্লব। এটি কোনো জটিল তাত্ত্বিক সমাধান নয়, বরং মাটির প্রতি আমাদের সহজাত ঋণের একটি ক্ষুদ্র কিস্তি শোধের প্রয়াস। এই আন্দোলনের মূল দর্শন অত্যন্ত সহজ—আপনি যখন প্রকৃতির রূপ দেখতে যাবেন, তখন তার জন্য উপহার হিসেবে নিয়ে যাবেন একমুঠো প্রাণের স্পন্দন বা একমুঠো দেশি ফলের বীজ।

আমরা চাই প্রতিটি পর্যটক বনের গভীরে বা প্রবেশের পথে নিজের পছন্দমতো সেই বীজগুলো ছড়িয়ে দেবেন। প্রকৃতি তার আপন মমতায় সেই বীজকে অঙ্কুরিত করবে, লালন করবে এবং একদিন তা হয়ে উঠবে বিশাল এক বৃক্ষ। সেই বৃক্ষ হবে বন্যপ্রাণীর আশ্রয়, পাখির কুজন আর আগামীর প্রজন্মের জন্য বিশুদ্ধ অক্সিজেনের আধার।

এই বইটি সেই দর্শনেরই একটি দালিলিক রূপরেখা। এতে লিপিবদ্ধ আছে কেন আমাদের এই উদ্যোগ প্রয়োজন, কীভাবে একটি ক্ষুদ্র বীজ একটি বিশাল ইকোসিস্টেম বদলে দিতে পারে এবং কীভাবে আমরা ডিজিটাল যুগের ‘সেলফি কালচার’কে প্রকৃতির পুনর্গঠনে ব্যবহার করতে পারি। আসুন, আমরা সবাই মিলে প্রকৃতির এই হারানো দাবী ফিরিয়ে দেই। কারণ প্রকৃতি বাঁচলে তবেই বাঁচবে আমাদের অস্তিত্ব।

Related posts

Leave a Comment